দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী ধর্মঘট, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রার নেতৃত্বে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সামনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজিব সহ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি ও স্টেট ইউনিভার্সিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল ৫টা থেকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অবস্থান নেন। রাজধানী ঢাকাকে ছয়টি জোনে ভাগ করে দুপুর ২টায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নেতাকর্মীরা নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দেশের কোথাও নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় অতীতের মতো ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের পাশে থাকব। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “দেশের এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরের নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের এই নীরবতার কারণ শিক্ষার্থীদের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের গুপ্ত ও সুপ্ত রাজনৈতিক তৎপরতা সম্পর্কে সচেতন ও সতর্ক থাকতে হবে।”
দেশব্যাপী অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের মতো সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধীদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়া যাবে না। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবে।
কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করে আবু হোরায়রা বলেন, এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ও প্রকৃত দেশপ্রেমিক, যোগ্য এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর ও রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এমজে